সুনামগঞ্জ: জেলার তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে পাঁচটি গ্রামের মানুষ। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে পুলিশ বলছে, সংঘর্ষে আহত হয়েছেন চারজন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে পাঁচটি গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। বুধবার সকালে বিভিন্ন গ্রামের লোকজন মাঠে জড়ো হলেও সেখানে পুলিশ উপস্থিত থাকায় তখন কোনো সংঘর্ষ হয়নি। পরে দুপুরে এক পক্ষ নৌকাযোগে ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পালটা ধাওয়া ও হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, বেড়েছে আতঙ্ক।
তাহিরপুরের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব) এস এম ফজলে রাব্বী রাজিব বলেন, ‘রাতে মাইকিং করার পর সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ ছিল। এ কারণে সকালে কোনো সংঘর্ষ হয়নি। দুপুরে এক পক্ষ নৌকাযোগে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘মসজিদে মাইকিং করে যারা সংঘর্ষে উসকানি দিয়েছে, তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। সংঘর্ষে চারজন আহত হয়েছেন। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ‘