রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খানের ভাঙারির দোকান থেকে ভূমি অফিসের চুরি হওয়া সরকারি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বিএনপি নেতার শ্যালক মো. হালিমকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩১ মে) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ভূমি অফিসে চুরির বিষয়টি জানাজানি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৬ মে (মঙ্গলবার) অফিস শেষে অফিসের প্রতিটি রুম ও প্রধান ফটকে তালা দিয়ে অফিস ত্যাগ করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুমন গাঙ্গুলি। রবিবার সকালে অফিসে এসে দরজার তালা ভাঙা ও জানালা কাটা অবস্থায় দেখতে পান তিনি। চোরেরা অফিস থেকে কম্পিউটার, ল্যাপটপ, পানির মোটরসহ ১১টি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দৌলতদিয়া মহাসড়কের পাশে অবস্থিত আইয়ুব আলী খানের ভাড়া নেওয়া ভাঙারির দোকানে অভিযান চালায়। সেখান থেকে ভূমি অফিসের চুরি হওয়া মোটর ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইয়ুব আলী খান বলেন, ‘আমার সঙ্গে স্থানীয় শহিদ নামে এক ব্যক্তির শত্রুতা রয়েছে। আমার ধারণা, তারা আমাকে ফাঁসাতে সরকারি অফিসের চোরাই পণ্য দোকানে রেখে গেছেন।’
গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, ‘আমাদের দৌলতদিয়া ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুমন গাঙ্গুলি বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করবেন।’
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’