নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় সাত বছর বয়সি শিশুকে যৌন হয়রানির অভিযোগে মো. সোহেল (৩৫) নামে এক অটোরিকশাচালককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, গতকাল রবিবার (৩১ মে) দুপুরে শিশুটিকে যৌন হয়রানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
গ্রেফতারকৃত মো. সোহেল উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে ওই শিশুটির বাবা স্থানীয় একটি বাজার থেকে শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সোহেলের অটোরিকশায় তুলে দেন। একপর্যায়ে শিশুটিকে বহনকারী অটোরিকশাটি তার বাড়ির সামনে পৌঁছালে অটোরিকশাচালক শিশুটিকে যৌন হয়রানি করেন। শিশুটির মা এ ঘটনা দেখতে পেলে অভিযুক্ত চালক পালিয়ে যান। একই দিন রাত ৮টার দিকে অভিযুক্ত চালককে নতুন বাজার এলাকা থেকে আটক করে মারধর করে স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সেনবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. নয়ন বলেন, ‘এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’