সিরাজগঞ্জ: জেলার সদর উপজেলায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাগবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শুকুর মাহমুদ, একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ময়নুল হক এবং সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. রাব্বি।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতভর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।