সিরাজগঞ্জ: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের ৮ জেলার মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে সিরাজগঞ্জ। জেলায় পাসের হার মাত্র ৩৭ দশমিক ৮৮ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ২২ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৮ হাজার ৫৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ১৪ হাজার ৭৯ জন।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফল করেছেন। ছাত্রদের পাসের হার ২৯ দশমিক ৪১ শতাংশ, বিপরীতে ছাত্রীদের পাসের হার ৪৬ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রীরা এগিয়ে ১৬ দশমিক ৮৫ শতাংশ পয়েন্ট। জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৩০১ জন। এর মধ্যে ছাত্র ৯৯ জন এবং ছাত্রী ২০২ জন।
সবচেয়ে উদ্বেগজনক চিত্র জেলার ৫টি মাদরাসায়। এসব প্রতিষ্ঠানের ৭২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। শুধু শিক্ষার্থীদের ব্যর্থতা নয়, প্রতিষ্ঠানগুলোর পাঠদান, শিক্ষক উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমের তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার বলেন, ‘শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান গুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পাশাপাশি বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’