সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে বাসের ধাক্কায় মো. শামিম আহমেদ লাবলু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামিম আহমেদ লাবলু গাইবান্ধার পলাশবাড়ী থানার রায়ের গ্রামের মো. শফিকুল ইসলাম দুলুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার দিকে যাচ্ছিলেন শামিম। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে মহাসড়কে পড়ে গেলে বাসটির পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত চলে যায়। প্রত্যক্ষদর্শীরা বাসটির রং লাল এবং নাম ‘আর এম স্পেশাল’ বলে জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের পাশে কোনো সতর্কতামূলক ব্যারিকেড ছাড়াই ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এতে মহাসড়কের এক পাশ সংকুচিত হয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। সড়কের এক পাশে একটি রেকার ও অন্য পাশে ওয়েল্ডিংয়ের সরঞ্জাম থাকায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছিল। এ অবস্থায় ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবর রহমান জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।