পাবনা: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ কৃষিক্ষেত্রে অনেকদূর এগিয়েছে, কিন্তু এখনও যথেষ্ট হয়নি।
শুক্রবার (৫ জুন) বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষি সমিতির আয়োজনে লিচু উৎসব ও কৃষি বাণিজ্যমেলায় এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যে এলাকায় সব মানুষের কৃষির সাথে আর্থিক সম্পর্ক, সেই এলাকাই বাংলাদেশের কৃষির নেতৃত্ব দেবে এটাই স্বাভাবিক।’
এই এলাকার লিচুর জন্য হিমাগার করা যায় কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘হিমাগার করলে যে বিদ্যুৎ বিল দিতে হবে তাতে লিচুর মূল্য কয়েক গুন বেড়ে যাবে।’ মন্ত্রী দেশীয় পদ্ধতিতে লিচু সংরক্ষণের উপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, ‘কৃষি মন্ত্রীকে ব্যক্তিগতভাবে অনুরোধ করবো একটি গবেষণা চালানোর জন্য যে, লিচুর পচন রোধে কোন ব্যবস্থা করা যায় কিনা।’
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক-সহ জাতীয় পদক প্রাপ্ত কৃষক-কৃষাণিরা।