চট্টগ্রাম: জেলার ফটিকছড়ি নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায় পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী সাইরা মনি নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে আবুল বশর মেম্বার বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইরা মনি ওই বাড়ির বাসিন্দা মো. আব্দুল হালিমের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল শিশু সাইরা মনি। খেলার একপর্যায়ে সে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজনরা পুকুরের পানিতে সাইরা মনিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণহাট ইউনিয়নের ইউপি সদস্য মো. নাসির উদ্দিন বলেন, শিশুটি সবার অগোচরে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘দুর্ঘটনাটি সম্পর্কে পরিবারের পক্ষ থেকে থানায় কিছু জানানো হয়নি। তবে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’