Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল, যুবলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ২২:০০

গ্রেফতার নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরে মাথায় কাফনের কাপড় বেঁধে ঝটিকা মিছিল করার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাসসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সহকারী কমিশনার (এসি) (জনসংযোগ) আমিনুর রশিদ।

পুলিশের দেওয়া তথ্যমতে, গত বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বন্দর থানার বারেক বিল্ডিং এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতাল ভবনের দক্ষিণ পাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাথায় সাদা কাপড় বেঁধে দুটি যাত্রীবাহী বাসে করে সমবেত হন। পরে তারা একটি ঝটিকা মিছিল শুরু করলে খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে মিছিলে ব্যবহৃত দুটি বাস, ১০টি লাঠি, চার টুকরা সাদা কাপড় এবং ১৩টি ইটের টুকরা উদ্ধার করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মিছিলে অংশগ্রহণ এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়।

প্রেপ্তাররা হলেন, হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক(৪৪)। যুবলীগ নেতা সাকিবুল ইসলাম(২২), ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজাসহ (৩২) যিশু দাশ (৪৫), মো. সাইফুল আলম রুবেল (৪১), মো. শরিফুল ইসলাম(২৩), মো. ইব্রাহিম খলিল(৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নীরব (২৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. হান্নান (৪৩), মো. জুনাইদুল আলম তাসনুপ (২৩) ও কর্ণফুলি থানা যুবলীগের সক্রিয় সদস্য ও ইউপি মেম্বার পদপ্রার্থী মো. ইরফান (৩২)। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর