রাজবাড়ী: বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় তামাকের পক্ষে কথা বলে তোপের মুখে পড়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. হোসেন শহীদ সরোওয়ার্দী।
রোববার (৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব তামাক মুক্ত দিবসের র্যালি শেষে আলোচনা সভায় তার বক্তব্যে তিনি তামাকের পক্ষে কথা বলেন।
এ সময় তাৎক্ষণিক প্রতিবাদ জানান জেলা প্রশাসক, সাংবাদিকসহ সভায় উপস্থিত অন্যরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. হোসেন শহীদ সরোওয়ার্দী বলেন, ‘তামাক শুধুই ক্ষতিকর নয়। বিভিন্ন ব্যক্তি তামাক সেবন করে থাকেন। বর্তমানে অনেক কৃষক ভালো মুনাফার কারণে তামাক চাষ করছেন। তামাকের বানিজ্যিক চাষের মাধ্যমে তারা জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’
তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে উদ্দেশ্য পরিবর্তন করতে হয়, কারণ মনমানসিকতা সব সময় এক রকম থাকবে না এবং প্রত্যেকটি মানুষের ভালো ও খারাপ দিক আছে। বিষয়টি যে যেভাবে নেয়। তবে অন্য জেলার তুলনায় রাজবাড়ীতে তামাক চাষ কম হয়। মূলত অল্প কিছু জমি যেগুলো খুব বেশি কাজে লাগে না এরকম জমিতে মানুষ তামাক চাষ করে। কিন্তু আমরা মূল জায়গায় যাই না। তামাকে কোনো পোকা লাগে না, কিন্তু অন্য ফসলে পোকা লাগে। ফলে প্রচুর পরিমাণে কিটনাষক ব্যবহার করতে হয়। এর ফলে কি ক্ষতি হয় আমরা জানি। কিন্তু তামাকে পোকার উপদ্রব হয় না। এখন আপনারা কীটনাশকের ব্যবহার নিয়ে কথা বলছেন না, বলছেন তামাক নিয়ে।’
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান।
তামাক ও এর ক্ষতিকর দিক নিয়ে প্রেজেন্টেশন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. মো. আতিকুজ্জামান।
মুক্ত আলোচনাতে বক্তব্য রাখেন এনজিও রাসের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান লাবু, এনটিভির জেলা প্রতিনিধি কবির হোসেন প্রমুখ।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ‘সবাইকে সচেতন করা হচ্ছে, কেউ যেন তামাক জাতীয় পণ্য ব্যবহার না করে। তামাক জাতীয় পণ্য ব্যবহার করে কেউ উপকৃত হয়েছে এমন নজির নেই। কিন্তু ক্ষতি হয়েছে এমন হাজারও উদাহরণ আছে। সরকারের উদ্দেশ্য ধূমপান ও তামাক জাতীয় পণ্যের ব্যবহার বন্ধ করা। আমরা সেটি নিয়েই কাজ করছি।’
এর আগে ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।