Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১২:১০ | আপডেট: ১০ জুন ২০২৬ ১২:৪৯

আগুনে পুড়ে যাওয়া দোকান।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (১০ জুন) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পৌনে ৬টার দিকে চান সুইটসের সামনে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা ছুটে এসে নিজেদের দোকান ও মালামাল রক্ষার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে কামারখন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে চান সুইটস, মিষ্টান্ন ভান্ডার, মনোহারী দোকান, সেলুন, কনফেকশনারি, মৃতশিল্প ও ফ্রিজ মেরামতের দোকানসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

চান সুইটসের মালিক লাল মিয়া বলেন, দোকানে বিপুল পরিমাণ পণ্য মজুদ ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। তার প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

আগুন নেভাচ্ছে ফায়া সার্ভিস।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসান আলী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুততার সঙ্গে কাজ করায় আগুন আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারেনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের দোকানে থাকা বিপুল পরিমাণ মালামাল আগুনে পুড়ে গেছে। অনেকেই ঈদ-পরবর্তী বিক্রির জন্য নতুন পণ্য তুলেছিলেন। আগুনে সেই সব পণ্যও ধ্বংস হয়ে গেছে। এতে তারা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সহায়তা এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তারা বলেন, ক্ষতি পুষিয়ে উঠতে না পারলে অনেকের পক্ষে পুনরায় ব্যবসা শুরু করা কঠিন হয়ে পড়বে।

ঘটনার পর বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর