পাবনা: সদর উপজেলার তারাবাড়িয়ায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত ও অপর একজন আহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) দুপুর ২টার দিকে পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ (২২) পাবনার আতাইকুলা থানার দুবলিয়া ইউনিয়নের সাদুল্লাহপুর গ্রামের রেন্টু মন্ডলের ছেলে। আহত জুলফিকার (২৫) একই গ্রামের সিরাজ মন্ডলের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
পাবনা সদর থানার এসআই মানিক হোসেন জানান, জুলফিকার ও তার চাচাতো ভাই সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে তারাবড়িয়া বাজারে পৌঁছায়। এসময় অপর দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় সাজ্জাদ। গুরুতর আহত জুলফিকারকে স্থানীয় লোকজন উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য অর্থপেডিকস বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী নেওয়া হয়েছে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তারা এই ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে ইচ্ছুক না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’