রাজবাড়ী: জেলার কালুখালী উপজেলায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আদভিক (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার (১২ জুন) বিকেল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড় এলাকার কলেজ মোড় ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আদভিক প্রাইভেটকারে থাকা যাত্রীদের একজন বলে জানা গেছে।
আহতরা হলেন— ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ব্যবসায়ী অর্জুন খেতানের পুত্রবধূ জৌতি খেতান (৩২), ফরিদপুর কোতোয়ালি থানার চাঁদপুর এলাকার সুভাষের ছেলে (ম্যানেজার) মহাদেব (২৫), রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের পারডেমনামারা বাগলী বাজার এলাকার মো. সুয়াদ (৩৭), নেহেরীপাড়া এলাকার আলিমুদ্দিনের মেয়ে সেলিনা (৫০) এবং কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মহিষকুটিয়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসলাম মণ্ডল (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার কুষ্টিয়ার দিক থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। অপরদিকে ইজিবাইকটি রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে কলেজ মোড় ইটভাটা এলাকার সামনে পৌঁছালে প্রাইভেটকার ও ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ‘দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’