Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ২০:২৭

শিশুটির মরদেহের পাশে তার শোকগ্রস্ত পরিবার ও স্বজনেরা।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে পুকুরের পানিতে ডুবে হাফসা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাফসা খাতুন একই গ্রামের মাঝপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পশ্চিম পাশে আতিয়ার মণ্ডলের পুকুর-সংলগ্ন স্থানে খেলতে যায় হাফসা। একপর্যায়ে সবার অজান্তে সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার বাবা বাজার থেকে বাড়ি ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ওই পুকুরে হাফসার মরদেহ ভাসতে দেখা যায়।

বিজ্ঞাপন

এ সময় দ্রুত শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ‘মৃত’ ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, কাদামাটি নিয়ে খেলার সময় হাফসা পুকুরে পড়ে যায়। আশপাশে কেউ না থাকায় বিষয়টি কারও নজরে আসেনি। পরে বেশ কিছু সময় পর পানির নিচ থেকে মরদেহটি ভেসে ওঠে।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘ধান্যখোলা গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যুর সংবাদ শুনে আমরা সেখানে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। এ ছাড়া থানায় একটি অপমৃত্যু মামলাও দায়ের করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর