কসবা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির এবং কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম, কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির আহম্মদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ও মো. বেলায়েত হোসেন হেলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া এবং সদস্য সচিব জিয়াউল হুদা শিপন ও যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

সভায় জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাই করে প্রচার নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘নিরাপদ, সচেতন ও উন্নত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
সভা শেষে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়া উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন, কৃষি উপকরণ ও ওয়াটার পিউরিফায়ার বিতরণ করেন জেলা প্রশাসক।