চট্টগ্রাম: জেলার বাকলিয়ায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আগামীকাল বুধবার (১৭ জুন) আলোচিত এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, অত্যন্ত স্বল্প সময়ে মামলাটির বিচারকাজ শেষ পর্যায়ে এসেছে। গত ৯ জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। গত কয়েক দিনে মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছে আদালত।
পিপি আরও জানান, সোমবার ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির পরীক্ষা সম্পন্ন হয় এবং আজ মঙ্গলবার আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এরপরই আদালত আগামীকাল রায় ঘোষণার জন্য দিন ঠিক করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২১ মে নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিকেলেই অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশের কাছ থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে ২২ মে শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারের পর আসামি মনির হোসেন আদালতে ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।