Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীর আদালতে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৯:৪৮

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি।

রাজশাহী: নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায় ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষীপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে ওই শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী অভিযুক্ত জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুঁসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনার পরপরই শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলাটি প্রথমে নাটোরে রুজু হয় এবং নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে সরকারি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে এই মামলার আইনজীবী বলেন, ‘দেশে যেভাবে শিশু ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে, তা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের সেই নীতির আলোকেই আজকের এই রায় দেওয়া হয়েছে। আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি যথার্থ বিচার পেয়েছে।’

রায় ঘোষণা শেষে কড়া নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর