Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১০:৩৭

ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার আগের কোনো এক সময় কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত ওই নারী কোনো ভারী যানবাহনের চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে যানবাহনটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের সংশ্লিষ্ট হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।

বিজ্ঞাপন

যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় ওই নারীর মাথায় গুরুতর আঘাত লেগেছে। মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার বিস্তারিত তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে জানানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি কোন যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা বের করতে ঘটনাস্থলের আশপাশের তথ্য ও বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত নিহত নারীর পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার সঙ্গে জড়িত যানবাহন শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর