Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়তে উদ্যোগ সংসদের

ঢাকা: ২০৫০ সালকে সামনে রেখে জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক ও জনবল কাঠামো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি দক্ষ ও যুগোপযোগী জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সংসদ সচিবালয়।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের জনবলসংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির চতুর্থ সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. মাহবুবুল আলম এবং মোসাম্মৎ শাম্মী আক্তার। তারা ভবিষ্যৎমুখী জনবল ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো সংস্কারের বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ অধিশাখা-২) মো. জয়নাল আবেদীনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সংসদ সচিবালয়ে কর্মরত সব গাড়িচালকের শারীরিক সক্ষমতাসংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। নিরাপদ পরিবহন সেবা নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের স্বাস্থ্য ও কর্মক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে প্রতিবেদনটি পর্যালোচনা করেন কমিটির সদস্যরা।

সভায় ইউএনডিপির সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের বিদ্যমান সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম সংস্কারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিসের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি ধারণাপত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক রূপরেখা তৈরিতে সময়োপযোগী কাঠামো ও কার্যাবলি নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এসময় ২০৫০ সালের সম্ভাব্য চাহিদা ও উপযোগিতা বিবেচনায় জাতীয় সংসদ সচিবালয়কে আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দক্ষ জনবল তৈরির বিকল্প নেই বলে সভায় মত দেন সদস্যরা। এ লক্ষ্য বাস্তবায়নে ইউএনডিপির কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতায় আধুনিক জনবল কাঠামো প্রণয়নে সহযোগিতা চাওয়া হয়।

সভায় আশা প্রকাশ করা হয়, প্রস্তাবিত আধুনিক জনবল কাঠামোটি আগামী কমিশনের আহ্বান করা সভায় উপস্থাপন করা সম্ভব হবে।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এসএস