কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ জুন বিকেলে একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে এবং কুমিল্লা বিজিবি ১০ ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিকেল সাড়ে ৪টার দিকে রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের আতশবাজি, কসমেটিকস সামগ্রী ও বাসমতি চাল রয়েছে।
বিজিবি জানায়, উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা। জব্দকৃত পণ্যসমূহের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।