Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ স্কুলছাত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৯:৩২

সংঘর্ষ। প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসা ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) রাত থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আহত শিক্ষার্থীর নাম ইথান আহমেদ প্রেম। তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাত থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেন।

বিজ্ঞাপন

রাতের ঘটনার পর বৃহস্পতিবার (২৫ জুন) সকালে আবারও দুই পক্ষ মুখোমুখি অবস্থানে যায়। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয় স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

ঘটনার পর কাটাবিল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জড়িতদের গ্রেফতার এবং এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর