হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রাম দক্ষিণপাড়া এলাকায় পুকুরে মহিষের গোসল দেখতে গিয়ে রোহান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার ভাতভঙ্গা কবরস্থান পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোহান ওই এলাকার মুদি দোকানদার হারুন অর রশীদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. মশিউর রহমান বকুল ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির বাবা-মা যখন গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন, তখন রোহান সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে খেলাধুলা করতে করতে কবরস্থান পুকুর পাড়ে চলে যায়। সেখানে জনৈক এক ব্যক্তি মহিষ গোসল করাচ্ছিলেন, যা পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখছিল রোহান। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
দীর্ঘক্ষণ ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা-মা। একপর্যায়ে জানতে পারেন রোহানকে সর্বশেষ ওই পুকুর পাড়ে দেখা গেছে। তাৎক্ষণিক তার বাবা হারুন পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে রোহানের ডুবন্ত দেহ উদ্ধার করে চিৎকার দেন।
পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রোহানকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে নিয়ে আসার পথেই শিশুটির মৃত্যু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুটির পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।