রাজশাহী: চাঁদা দাবির অভিযোগে একটি অডিও ভাইরাল হওয়ার পর আলোচনায় থাকা রাজশাহীর অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড়ইকুঁড়ি এলাকায় নওহাটা কলেজ মোড়ে অবস্থিত ওয়ালটন শোরুমের চতুর্থ তলায় থাকা ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে।
এর আগে প্রতিষ্ঠানটির মালিক উদ্যোক্তা মুরাদ পারভেজ অভিযোগ করেছিলেন, তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা চলছে এবং প্রাণনাশের আশঙ্কায় তিনি আত্মগোপনে রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, রাসেল ও আশিক নামের দুই ভাইয়ের দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা অফিসের সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।
হামলার সময় অফিসে দায়িত্বে থাকা কর্মচারী সাকিব ও তামিম বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। লাঠিসোঁটা ও লোহার রডের আঘাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্বজনদের দাবি, তাদের হাত-পায়ে গুরুতর জখম হয়েছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ভুক্তভোগী পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনের আগেই আত্মগোপনে মালিক
এর কয়েকদিন আগেই ‘ম্যাংগো লাভার’-এর মালিক মুরাদ পারভেজ অভিযোগ করেন, একটি ভাইরাল অডিও প্রকাশের পর তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তার দাবি, সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তি তাকে ভয়ভীতি দেখাচ্ছেন, মিথ্যা হয়রানিমূলক মামলায় জড়ানোর চেষ্টা করছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
মুরাদ আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নারীকে তার স্ত্রী পরিচয়ে উপস্থাপন করে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু ওই নারী তার প্রকৃত স্ত্রী নন। এ ঘটনায় প্রশাসনের কাছেও যেতে ভয় পাচ্ছেন বলে তিনি দাবি করেন। প্রাণনাশের আশঙ্কায় নির্ধারিত সংবাদ সম্মেলনও শেষ পর্যন্ত করেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে অডিও বিতর্কের রেশ কাটতে না কাটতেই ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে হামলার ঘটনায় ব্যবসায়ী মহলে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে হামলার সঙ্গে পূর্বের চাঁদা দাবির অভিযোগ বা ভাইরাল অডিওর কোনো প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ বিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, ‘অপ্রীতিকর ঘটনাটি ঘটার পর আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিই। অফিসের কর্মচারীদের দ্বন্দ্বের জেরে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে সে অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
পূর্ববর্তী হুমকি ও চাঁদাবাজিঘটিত বিষয় এখানে সম্পৃক্ত আছে কি-না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এমন কিছু আমরা জানতে পারিনি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’