Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম হবে: আইনমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৬ ২০:০২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ২২:০০

ঢাকা: আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক মানুষের বিচারপ্রাপ্তি সহজ করার পাশাপাশি বিচারব্যবস্থার ওপর চাপ কমানোর ওপর জোর দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘এ কার্যক্রম বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করে বিচারব্যবস্থার বাধা দূর করতে পারলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হবে।’ এ লক্ষ্য অর্জনে তিনি চিফ লিগ্যাল আইনের কর্মকর্তাদের নিষ্ঠা, দক্ষতা ও সেবামূলক মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মহাখালীর হোটেল অবকাশে চিফ লিগ্যাল এইড অফিসারদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী উল্লেখ করেন, চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে কাজ করতে গিয়ে কর্মকর্তারা প্রান্তিক মানুষের জীবন ও বাস্তবতার মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছেন। সাধারণ মানুষের সমস্যা সম্পর্কিত এই প্রত্যক্ষ অভিজ্ঞতা তাদের বিচারিক উপলব্ধিকে গভীর করবে এবং ভবিষ্যতে বিচারক হিসেবে আরও কার্যকর ও মানসম্মত রায় প্রদানে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘বিচারকগণ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে ন্যায়বিচার নিশ্চিত করেন, আর আইনগত সহায়তার সঙ্গে যুক্ত কর্মকর্তারা সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির পথ সুগম করেন। এই উদ্যোগের মাধ্যমে বিচারব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমানো গেলে বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর ও ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।’

কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা ও দাবির প্রসঙ্গে মন্ত্রী জানান, তাদের উত্থাপিত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে যানবাহনসংক্রান্ত জটিলতা কাটাতে বিকল্প ব্যবস্থা এবং ছুটিসংক্রান্ত বিষয়েও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আইনগত সহায়তা কার্যক্রমের সাফল্য ও অগ্রগতির একটি ইতিবাচক চিত্র জাতির সামনে তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেন মন্ত্রী।

জনসেবাকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টাই দেশের বিচারব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।’ প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতার জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাকে (জাইকা) ধন্যবাদ জানিয়ে মন্ত্রী একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে মেধা, প্রজ্ঞা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাইকা অ্যাক্সেস টু জাস্টিস প্রজেক্টের প্রধান উপদেষ্টা তাকুরো ফুজিওকা এবং আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো আয়োজিত এই তিন দিনব্যাপী প্রশিক্ষণে ৩৩ জন চিফ লিগ্যাল এইড অফিসার অংশ নেন।

বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর