সিরাজগঞ্জ: আইনজীবীরা আদালতকে মিসগাইড না করলে সিরাজগঞ্জে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব বলে জানিয়েছেন সিরাজগঞ্জের নবাগত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাদেকুর রহমান।
বুধবার (৭ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে নবাগত জেলা ও দায়রা জজের যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ সাদেকুর রহমান জানান, সিরাজগঞ্জের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর মামলার নথিপত্র পর্যালোচনা করে তিনি দেখেছেন, জেলার প্রায় ৫০ শতাংশ মামলা রাজনৈতিক ও বিস্ফোরক আইনের সঙ্গে সংশ্লিষ্ট।
তিনি বলেন, ‘মামলার বাদী-বিবাদী এবং সংশ্লিষ্ট আইনজীবীরা মামলার প্রকৃত ঘটনা সম্পর্কে অবগত থাকেন। আইনজীবীরা সঠিক তথ্য ও আইনি বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সহজ হবে।’ তাই কোনো পক্ষকে মিসগাইড না করে সত্য ও ন্যায়ের পথে থেকে দায়িত্ব পালনের জন্য তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘বিচারপ্রার্থীরা যেন দ্রুত ন্যায়বিচার পান, সে বিষয়ে আদালতের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মামলা দ্রুত নিষ্পত্তির পাশাপাশি বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়সঙ্গ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার রফিক সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। এ সময় সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতাসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।