Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় লেগুনার ২ যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মীর হাজারীবাগ এলাকায় বাসের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একজন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মীরহাজিরবাগ ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- লেগুনার যাত্রী আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)।

মৃত আজিজুলের বাড়ি গেন্ডারিয়া সতীশ সরকার রোডে। বাবার নাম সালাম মৃধা। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন এবং সাইফুলের বাবার নাম লোকমান খন্দোকার। তিনি একটি মোটর পারর্টসের দোকানে চাকরি করতেন। বাসা গেন্ডারিয়া এলাকায়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকায় থেকে পথচারীরা তিনজনকে হাসপাতালে নিয়ে এলে সকাল সারে ১০টার দিকে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার নাম জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, মীর হাজারীবাগ ঘুন্টিগড় এলাকায় একটি লেগুনা যাত্রী নামাচ্ছিল। এ সময় বাহাদুরশাহ পরিবহনের একটি বাস সামনে থেকে লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে আহত তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দুইজন মারা যান।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করেছে পুলিশ। লেগুনাটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর