Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগরবাসীর আস্থা অর্জনই আমার প্রধান কাজ: নবনিযুক্ত ডিএসসিসি প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৬

ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, সেবা দেওয়ার মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জনই হবে আমার প্রধান কাজ। ঢাকা মহানগরীতে সমস্যা অনেক, আমি জনগণের সহযোগী হিসেবে এসব সমস্যা সমাধানে কাজ করতে চাই। পরিচ্ছন্ন ঢাকা, মশক নিধনসহ বাসযোগ্য নগরী গড়তে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ডিএসসিসির প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তার আগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে নগর ভবনে পৌঁছালে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ওপর বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছেন, এখন কাজের মধ্য দিয়ে আমাকে নগরবাসীর আস্থা অর্জন করতে হবে। আমরা নগরবাসীর অভাব ও অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পূরণ করার চেষ্টা করব। যেসব বড় সমস্যা আমাদের এখতিয়ারের বাইরে, সেগুলো আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব।’

তিনি আরও বলেন, নবনিযুক্ত প্রশাসক সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আমরা একটি জনবান্ধব ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানাই।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে সরকার গত ২২ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. আব্দুস সালামকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডিএসসিসি’র পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে। ওই অধ্যাদেশের ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

এদিকে, আজ সকালে নবনিযুক্ত প্রশাসক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকট যোগদানপত্র পেশ করেন। পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশক নিধন এবং ঢাকাকে একটি পরিবেশবান্ধব ‘সবুজ শহর’ হিসেবে গড়ে তোলার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা জমাদানের নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

উখিয়ায় ট্রাকচাপায় পথচারী নিহত
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৫

আরো

সম্পর্কিত খবর