ঢাকা: রাজধানীর তুরাগ কামারপাড়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১০ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনিয়া আক্তার (২৫) মারা গেছেন। এই ঘটনায় তার স্বামী ও মেয়েসহ বাকি আত্মীয় স্বজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
রোববার (৮ মার্চ) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, অন্তঃসত্ত্বা সোনিয়ার শ্বাসনালীনহ শরীরের সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। তার অবস্থা খুবই ক্রিটিকাল ছিল। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়েছে।
এর আগে, শুক্রবার ভোর সাড়ে ৩ টার দিকে ১০ নম্বর সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের বিল্ডিংয়ের ২য় তলায় এই দুর্ঘটনা ঘটে।
এতে দগ্ধ হন, রুবেল (৩০), তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন
রিয়া (২৭)।
রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতে ভাগনি আয়েশা (১৯)। এছাড়া রুবেল (৩৫) নামে আরও একজন দগ্ধ হন।
এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, ২য় তলার ওই বাসাটিতে থাকেন রুবেল-সোনিয়া দম্পতি। সোনিয়া ৬মাসের অন্তস্বত্বা ছিল। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী। কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলায়।
তিনি জানান, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে তুরাগে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় বেড়াতে এসেছিলেন। একই বাড়ির ৪ তলায় থাকেন সাজেদ মাতুব্বর। ওইদিন ভোর রাত সাড়ে ৩টার দিকে ২য় তলার বাসায় বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন, ভবনের নিচ তলা ও ২য় তলার দেয়াল ভেঙ্গে গেছে। বাসাটিতে থাকা ১০ জনই আগুনে পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।