Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হাজারীবাগে বিষপানে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১০:৫১

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকায় থানা এলাকায় বিষপানে সাইদুল আমীন সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ওই শিক্ষার্থীকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত সীমান্তের চাচা রুহুল আমিন জানান, তাদের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার বীরগাঁও গ্রামে। সীমান্তের বাবার নাম সদরুল আমীন। সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষে পড়তো। হাজারীবাগ মনেশ্বর রোডের পাচতলা বাড়ির নিচতলায় একটি বাসায় দুজন থাকতো।

তিনি আরও জানান, গতরাত সাড়ে ১২টার দিকে সীমান্তের বন্ধু বাইরে থেকে এসে দরজা বন্ধ পায়। অনেকক্ষণ যাবৎ ডাকাডাকি করে সাড়াশব্দ পায় না। পরে আমাকে ফোন দেয়। এরপর বাসায় গিয়ে দরজা ভেঙ্গে সীমান্তকে বিছানায় অচেতন অবস্থায় পাই। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তবে কী সেবন করেছে তা তিনি জানাতে পারে নাই।

বিজ্ঞাপন

তিনি জানান, সীমান্তরা দুই ভাই বোন। এক বোন প্রতিবন্ধি। তার মা করোনার সময় মারা গেছেন। এসব বিষয় নিয়ে হতাশাগ্রস্ত ছিল।

হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান জানান, রাতে খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে সীমান্তের মরদেহ পাই। হাজারীবাগের বাসায় দুজন মিলে একটি রুমে ভাড়া থাকতো। ঘটনার সময় সীমান্তের রমমেট বাইরে ছিল। পরে সীমান্তের স্বজনরা দরজা ভেঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসে।

এসআই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।