Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবাসিক এলাকায় ঢুকতে না দেওয়ায় নিরাপত্তাকর্মীকে হত্যা, গ্রেফতার অটোরিকশা চালক

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১৩:৪০

গ্রেফতার হওয়া আসামি সাগর শেখ বাবু।

ঢাকা: রাজধানীর পল্লবীতে আবাসিক এলাকায় ঢুকতে না দেওয়ায় দায়িত্ব পালনকালে এক নিরাপত্তাকর্মীকে মারধর করে হত্যা করে অটোরিকশা চালক মো. সাগর শেখ বাবু (৩৭)। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার করেছে পিবিআই।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পিবিআই, ঢাকা মহানগর (উত্তর) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মো. এনায়েত হোসেন মান্নান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘নিহত সালাউদ্দিন (৫৫) পেশায় ‘মেরিট সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড’-এর নিরাপত্তাকর্মী হিসেবে উত্তর পল্লবী আবাসিক এলাকায় দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১৩ এপ্রিল দুপুর ১টার দিকে অটোরিকশা নিয়ে উত্তর পল্লবী আবাসিক এলাকায় প্রবেশের চেষ্টা করে সাগর শেখ বাবু। ওই আবাসিক এলাকার বাড়ির মালিক সমিতি কর্তৃক রিকশা প্রবেশে মৌখিকভাবে নিষেধাজ্ঞা থাকায় সেখানে কর্তব্যরত সালাউদ্দিন রিকশাসহ সাগরকে আবাসিক এলাকায় প্রবেশে বাধা দেয়।’

বিজ্ঞাপন

এনায়েত হোসেন মান্নান বলেন, ‘এ বিষয়কে কেন্দ্র করে অটোরিকশা চালক ও নিরাপত্তাকর্মীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে অটোরিকশা চালক ভিক্টিম সালাউদ্দিনকে এলোপাতাড়িভাবে মুখ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেপরোয়াভাবে কিল-ঘুষি ও মারপিট করলে ভিক্টিম গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় স্থানীয় লোকজন ভিক্টিমকে দ্রুত উদ্ধার করে ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করে। পরদিন বিকেল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম গত ১৫ এপ্রিল মামলা দায়ের করেন। ওই হত্যার ঘটনায় করা মামলাটি গুরুত্ব বিবেচনায় পিবিআই ঢাকা মেট্রো উত্তর তদন্ত শুরু করে। পিবিআই তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ঘটনার সাথে জড়িত সন্দিগ্ধ অটোরিকশা চালককে শনাক্ত করে। এরপর রাজধানীর শ্যামপুর, জুরাইন, পল্লবী, মিরপুর ও গাবতলীতে অভিযান চালায়। কিন্তু টের পেয়ে আসামি বারবার তার অবস্থান পরিবর্তন করতে থাকে। পরে ১৬ মার্চ রাত ২টা ৩০ মিনিটের দিকে মিরপুর সেকশন-১১ এলাকার মামুনের রিকশার গ্যারেজের সামনে থেকে আসামি সাগর শেখ বাবুকে গ্রেফতার করা হয়।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি অটোরিকশা চালক সাগর শেখ বাবু উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিহতকে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, যার ফলে ভিক্টিম ঘটনার পরদিন মৃত্যুবরণ করেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে তোলা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।’

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর