Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উলবাকিয়া’ পদ্ধতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ২৩:৫৭ | আপডেট: ৭ মে ২০২৬ ০০:০০

‘উলবাকিয়া’ পদ্ধতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণ জোরদারকরণবিষয়ক উচ্চপর্যায়ের সভা। ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণে এবার ‘উলবাকিয়া’ নামক নতুন এক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে এই পাইলট প্রকল্প শুরুর বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।

বুধবার (৬ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘উলবাকিয়া’ পদ্ধতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণ জোরদারকরণবিষয়ক উচ্চপর্যায়ের এক সভায় তিনি এ কথা বলেন। অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ওয়ার্ল্ড মস্কুইটো প্রোগ্রাম (ডব্লিউএমপি) বাংলাদেশে এই তথ্য-প্রমাণভিত্তিক পদ্ধতির বাস্তবায়নে সহায়তা করার জন্য গত ডিসেম্বর সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ডব্লিউএমপি-এর এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু মৌসুম ঘনিয়ে আসায় এর প্রস্তুতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, যাতে তারা ডাব্লিউএমপি’র সঙ্গে নিবিড়ভাবে কাজ করে। সেইসঙ্গে এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক পরিকল্পনা প্রণয়ন করেন।

ওয়ার্ল্ড মস্কুইটো প্রোগ্রাম বাংলাদেশে এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দাতা সংস্থার তহবিল সংগ্রহ এবং কারিগরি সহায়তার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই সভাটি ডেঙ্গুর প্রকোপ কমাতে এবং জনস্বাস্থ্য প্রস্তুতি জোরদার করতে উদ্ভাবনী ও তথ্য-প্রমাণভিত্তিক পদ্ধতিগুলো অনুসন্ধানে সরকারের নিরবচ্ছিন্ন প্রতিশ্রুতিরই প্রতিফলন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

‘উলবাকিয়া’ পদ্ধতি কী

‘উলবাকিয়া’ হলো একটি প্রাকৃতিকভাবে পাওয়া যায় এমন ব্যাকটেরিয়া, যা মশার শরীরে প্রবেশ করালে সেটি মশার মাধ্যমে ডেঙ্গু ভাইরাস ছড়ানোর ক্ষমতা কমিয়ে দেয়। এটি একটি পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে বিশ্বে স্বীকৃত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর