Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৫:০৩

ঢাকা: রাজধানীর ডেমরায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছে। নিহতরা হলেন সাদ্দাম হোসেন(৩২) ও নাজমুল হোসেন (১৯)।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে ডেমড়া সুলতানা কামাল ব্রিজের পশ্চিম পাশে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক সাদ্দাম হোসেন(৩২) নামে এক যুবক। থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন। এবং বুধবার (৬ মে) রাত ১১টার দিকে ডেমরা কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নাজমুলের বন্ধু ইমন (২০) আহত হন।

বিজ্ঞাপন

মৃত সাদ্দাম হোসেন কাকরাইলে একটি রিক্রুটিং এজেন্সিতে কাজ করতো। এজেন্সির মালিক মো. সজল হোসেন জানান, কাকরাইলে অবস্থিত এসএসবি গ্লোবাল ওভাসিস নামে আমার একটি এজেন্সি আছে। সেই এজেন্সিতে মার্কেটিংয়ে কাজ করতো সাদ্দাম। থাকতো নারায়ণগঞ্জ রূপগঞ্জ রুপশী, নিজ বাড়িতে বাবার নাম আব্দুল লতিফ। বাড়ি থেকে দৈনিক অফিস করতো। সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে অফিসে আসছিল। পথে ডেমরা সুলতানা কামাল ব্রিজের পশ্চিম পাশে পিকআপ ধাক্কায় গুরুতর আহত হয়। পরে থানা পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. কাকন মিয়া জানান, সকাল ১০টার দিকে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ডেমরা সুলতানা কামাল ব্রিজের পশ্চিম পাশের রাস্তায় পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পিকআপটির চালক পালিয়ে গেছে। পিকআপ শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

এদিকে মৃত নাজমুলের নানা এমএ বারী জানান, তাদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামে। বর্তমানে ডেমরা কেনাপাড়া এলাকায় পরিবারের সাথে থাকতো। বাবার নাম দেলোয়ার হোসেন। নাজমুল তার বাবার সঙ্গে পার্টস পাতির ব্যাবসা দেখাশুনা করতো। রাতে বন্ধু ইমনের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। এরপর দুর্ঘটনার শিকার হয়।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার জানান, রাতে নাজমুল তার বন্ধু ইমনকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। মোটরসাইকেল চালক ছিল ইমন। বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় স্লিপ কেটে পড়ে গিয়ে আহত হয় দুজন। এরপর তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে নাজমুল মারা যায়। ইমন (২০) সামান্য আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে আবেদন করায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

 

সারাবাংলা /এসএসআর/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর