Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামিসা হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ দিল সরকার

স্টাফ করেসপন্ডেট
২৩ মে ২০২৬ ২১:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দিয়েছে সরকার। এ দায়িত্ব পেয়েছেন আইনজীবী আজিজুর রহমান দুলু।

শনিবার (২৩ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আইন ও বিচার বিভাগ শাখার ডেপুটি সলিসিটর (জিপি-পিপি) মো. রফিকুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪৯২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলা নম্বর ৩৫ রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

জনস্বার্থে এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ (২)/৩০ ধারা এবং পেনাল কোডের ২০১ ধারায় দায়ের করা হয়েছে।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটে খাটের নিচ থেকে শিশু রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পরপরই মামলার প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকেও গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

পরে আদালতে হাজির করা হলে সোহেল রানা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নিয়োগপ্রাপ্ত বিশেষ পিপি আজিজুর রহমান দুলু বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালাবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর