Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ঈদের দ্বিতীয় দিনে ১২ হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্য’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৬ ১৮:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ঈদের দ্বিতীয় দিনে ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত কাজ শেষ করার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রশাসক বলেন, নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ দেওয়ার জন্য তাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট কর্মীরা দিনরাত মাঠে কাজ করছেন। প্রথম দিনের সফলতার পর দ্বিতীয় দিনেও একই গতিতে কাজ চলছে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্দিষ্ট সময়ের মধ্যেই লক্ষ্য পূরণ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের দিন রাত ১২টা পর্যন্ত মাতুয়াইল ল্যান্ডফিলে ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য ডাম্প করা হয়েছে।

অবশ্য সিটি করপোরেশনের পক্ষ থেকে শতভাগ বর্জ্য অপসারণের জোরালো দাবি করা হলেও বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর বেশ কিছু এলাকায় এখনও বর্জ্যের স্তূপ জমে থাকতে দেখা গেছে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তি তৈরি করছে। এ পরিস্থিতি সামাল দিতে ডিএসসিসি এবার অতিরিক্ত কর্মী, বিশেষ যানবাহন ও আধুনিক সরঞ্জাম মাঠে নামিয়েছে এবং পুরো প্রক্রিয়াটি নজরদারির জন্য একটি বিশেষ মনিটরিং টিমও গঠন করা হয়েছে।

এদিকে, পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সীমানার বাইরে গিয়ে রাস্তা দখল করে যদি কোনো অস্থায়ী হাট বসানো হয়, তবে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। দোষীদের জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারিও দেন তিনি।

এ ছাড়া, দ্রুত শহর পরিষ্কার করতে নাগরিকদের নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া এবং বর্জ্য ফেলার বিষয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর