ঢাকা: রাজধানীর শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচর এলাকার পৃথক জায়গা থেকে এক নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের কারও নাম পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই ভবঘুরে প্রকৃতির।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই মরদেহগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ীর শনির আখরা থেকে উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। এসআই মো. আসাদুজ্জামান জুয়েল মরদেহটি উদ্ধার করেন। মতিঝিল নটরডেম কলেজের বিপরীত পাশের রাস্তা থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করে এদিন সকালে ঢাকা মেডিকেলে ভর্তি করান পথচারীরা। কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তিনি সেখানে সে মারা যান।
এ ছাড়া ঢাকা মেডিকেলের পাশ থেকে ৩০ বছর বয়সী নারী ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাশ থেকে ৩০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) বিজয় মন্ডল। তিনি জানান, তারা দু’জনই ভবঘুরে। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে, কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার (এসআই) প্রাণেশ্বর দাস জানান, সোমবার সকালে জাউলাহাটি এলাকা থেকে উদ্ধার করা হয় ৬৫ বছর বয়সি এক বৃদ্ধের বয়স। তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।