ঢাকা: রাজধানীর মিরপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর-১১ নম্বর এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই দিন মিরপুর-১ নম্বরেও যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে চলন্ত অবস্থায় থাকা শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাছির বলেন, ‘দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে। তবে তা নিভিয়ে ফেলা হয়েছে। কোনো হতাহতের ঘটনা নেই। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’
এদিকে মিরপুর-১ নম্বরের একটি বাসেও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘দুর্বৃত্তরা যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের ধাওয়ায় তারা পালিয়ে যায়। ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার, আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া একই দিন রাতে তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
একের পর এক এসব ঘটনায় রাজধানীর নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে রাজধানীজুড়ে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশের টহল।