ঢাকা: রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা।
তিনি বলেন, ‘দুই নাম্বার প্লাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি।’
রেলওয়ে পুলিশ সুপার বলেন, ‘আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম কেন্দ্রিক টহল আরো জোরদার করছি। পরবর্তী সময়ে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।’