Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ১৮:৩২

সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ ঘটনায় নিষিদ্ধ মাছ মজুতের দায়ে দুই ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালের দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কুতুবের চর মৎস্য আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ মাছের মজুত পাওয়া গেলে ২৬ মণ পিরানহা মাছ জব্দ করা হয়। পাশাপাশি নিষিদ্ধ মাছ মজুতের দায়ে দুজনকে মোট দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পিরানহা মাছ দেশীয় জলজ পরিবেশ ও মাছের জন্য ক্ষতিকর। জলাশয়ে এ প্রজাতির মাছ ছড়িয়ে পড়লে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দেশে মাছটির চাষ ও বেচাকেনা নিষিদ্ধ। তবে মানবদেহের জন্য মাছটি সরাসরি ক্ষতিকর না হওয়ায় জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানকালে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএম