ঢাকা: রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সুমন (২২) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রবিউল ইসলাম (২০) আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভাটারা নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে সুমনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে সুমনের আরেক বন্ধু রাকিব জোসেন জানান, সুমনের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। তিনি সেনেটারি মিস্ত্রি ছিলেন। আর আহত রবিউল কাপড়ের ব্যবসা করেন। বর্তমানে তারা দু’জন গুলশানের শাহজাদপুর এলাকায় ভাড়া থাকেন।
তিনি আরও জানান, মোটরসাইকেলটি সুমনের । সুমন নিজেই চালাচ্ছিলেন। রবিউল পেছনে বসা ছিলেন। তারা দু’জন নতুনবাজার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা দু’জন মোটরসাইকেল থেকে ছিটকে পরে। এর পর পথচারীরা তাদের দু’জনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আহত রবিউলকে (২০) জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।