ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী শনিরআখড়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাজিত হাসান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ফার্মগেটে আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রডাক্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সোহান জানান, সকালে তিনি (সোহান) শনিরআখড়া দিয়ে কলেজে যাচ্ছিলেন। তখন দেখেন, একটি সিএনজি মোটরসাইকেলটিকে পাশ থেকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তিনি তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, নিহতের বাবা মো. সোলাইমান জানান, তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। বর্তমানে কদমতলী মিরাজনগরে থাকেন। ফার্মগেটে আল-মদিনা ফার্মাসিটিক্যালস কোম্পানি লিমিটেড এর প্রডাক্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন সাজিত। প্রতিদিনের মত সকালেও নিজের মোটরসাইকেল চালিয়ে অফিসের উদ্দেশ্যে বের হন। এর কিছুক্ষণ পর মুঠোফোনে দুর্ঘটনার খবর শুনতে পান। এরপর হাসপাতালে এসে ছেলের মরদেহ দেখতে পান।
তিনি আরও বলেন, ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে মেঝো ছিল সাজিত। এখনও অবিবাহিত। তার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।