Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১০:০৭ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১২:০৫

সুমি আক্তার (২৮) ও তার মেয়ে।

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা ও দেড় বছর বয়সী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল পাঁচটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের দেয়াং বাজারসংলগ্ন সরকারি আশ্রয় প্রকল্পের একটি ঘর থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। মৃতরা হলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে সুমি আক্তার (২৮) ও তার দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিহা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমি আক্তার স্বামী মোহাম্মদ মিজানের সঙ্গে ওই আশ্রয় প্রকল্পে বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস বলেন, সুমির স্বামী মিজানের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের মা হোসনে আরা বেগম অভিযোগ করেন, তিন বছর আগে সিএনজিচালক মিজানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে দুই লাখ টাকা দেওয়া হয়। এরপর বিভিন্ন সময়ে মিজান সুমিকে মারধর করে তাদের কাছ থেকে টাকা নিতেন। তার দাবি, গতকাল দুপুরে মিজান পরিকল্পিতভাবে মা ও মেয়েকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখেন এবং পরে ফোনে বিষয়টি জানান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত স্বামী মিজানকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর