Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুদ্ধে নারী সাহাবিদের অনন্য অবদান

সানজিদা যুথী
১৮ মার্চ ২০২৬ ১৬:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামের ইতিহাসে নারীদের ভূমিকা শুধু পারিবারিক পরিসরে সীমাবদ্ধ ছিল না; বরং শিক্ষা, সমাজসেবা, চিকিৎসা এবং প্রয়োজনে যুদ্ধক্ষেত্রেও তারা রেখেছেন অসামান্য অবদান। সাহাবি নারীদের জীবনচিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, তারা সাহস, প্রজ্ঞা ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ইসলামী শরিয়তে নারীদের ওপর যুদ্ধ ফরজ করা হয়নি। এ বিষয়ে উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে উল্লেখ রয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন— ‘নারীদের জন্য উত্তম জিহাদ হলো হজ।’ (সহিহ বুখারি, হাদিস: ২৬৭৯)। তবে প্রয়োজনের মুহূর্তে নারীরা যুদ্ধক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছেন, যা ইসলামের প্রারম্ভিক ইতিহাসে স্পষ্টভাবে প্রতিফলিত।

বিজ্ঞাপন

উহুদ যুদ্ধসহ বিভিন্ন যুদ্ধে নারী সাহাবিরা আহতদের সেবা, পানি সরবরাহ এবং চিকিৎসা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হজরত আয়েশা (রা.) ও উম্মে সুলাইম (রা.) যুদ্ধক্ষেত্রে পানির মশক বহন করে আহত ও তৃষ্ণার্ত সাহাবিদের সেবা দিতেন। এটি ছিল তাদের সাহসিকতা ও মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।

এছাড়া রুফাইদা বিনতে সাদ আল-আসলামিয়া (রা.)-কে ইসলামের ইতিহাসে প্রথম মুসলিম নার্স হিসেবে বিবেচনা করা হয়। তিনি যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসার জন্য একটি অস্থায়ী চিকিৎসা শিবির পরিচালনা করতেন এবং তার নেতৃত্বে নারীদের একটি দল সংগঠিতভাবে চিকিৎসাসেবা দিতেন।

যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রেও কিছু সাহাবি নারীর বীরত্ব ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। যেমন— উম্মে উমারা (নুসাইবা বিনতে কাব) (রা.) উহুদ যুদ্ধে রাসুলুল্লাহ (সা.)-কে রক্ষা করতে নিজের জীবন বিপন্ন করে যুদ্ধ করেন। তার সাহসিকতা ইসলামের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত।

এছাড়াও উম্মে আতিয়া (রা.), রুবাইয়্যি বিনতে মুআববিজ (রা.) এবং ফাতিমা (রা.) যুদ্ধক্ষেত্রে সেবামূলক কাজে সক্রিয় ছিলেন। তারা আহতদের সেবা, খাবার সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ইতিহাসের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়— ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে এবং প্রয়োজনে সমাজ ও মানবতার কল্যাণে তাদের অংশগ্রহণকে স্বীকৃতি দিয়েছে। সাহাবি নারীদের এই ত্যাগ, সাহস ও মানবিকতা আজও মুসলিম সমাজের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত।

সারাবাংলা/এসজে/এএসজি
বিজ্ঞাপন

আরো

সানজিদা যুথী - আরো পড়ুন