চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে স্থানীয় বিএনপি নেতা প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (২২ মার্চ) রাত ৮টার দিকে বাড়িতে ঢুকে দুষ্কৃতকারীরা এলোপাতাড়ি গুলি করেছে বলে নিশ্চিত করেছেন বিএনপি নেতা ওসমানের পিতা রশিদ আহমদ। দুষ্কৃতকারীরা তাকেও বেদম মারধর করেছেন বলে জানান তিনি।
ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গঞ্জম আলী সরকার বাড়ির রশিদ আহমদের ছেলে। তিনি সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
বিএনপি নেতার বাবা রশিদ আহমদ সারাবাংলাকে বলেন, চারজন অস্ত্রধারী ঘরে ঢুকেই এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। এতে প্রকৌশলী ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার মা আছিয়া বেগমের (৭০) দু’ পায়ে গুলিবিদ্ধ হয়।
স্থানীয়রা গুলিবিদ্ধ ওসমান ও তার মাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। গুরুতর অবস্থা বিবেচনা করে কর্তব্যরত চিকিৎসক ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু তার স্বজনরা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে ওসমান এবং তার মায়ের চিকিৎসা চলছে।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইন চার্জ ওসি মো. হেলাল উদ্দিন আহমদ বিএনপি নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে সারাবাংলাকে বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সেনাবাহিনী ও র্যাবের পৃথক দল ঘটনাস্থলে এসেছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি হেলাল উদ্দিন।