Sunday 26 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১২

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ১১:১৬

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে, শুক্রবার (২৪ এপ্রিল) মিছিলের পর থেকে শনিবার দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্যমতে, গত শুক্রবার কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের অঙ্গসংগঠনগুলো একটি ঝটিকা মিছিল বের করে। এই ঘটনার পর পুলিশ তাদের শনাক্ত করতে অভিযানে নামে এবং ১২ জনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন— তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), মো. নাহিদ হোসেন (১৯), মো. সাইফুল ইসলাম (২০), মো. নওশের উদ্দিন চৌধুরী (২১), মো. জুয়েল (২৪), মো. আলাল (২১), মো. আসিফ (২২), মো. শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) এবং ইমাম হোসেন সাদমান (২২)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসএন/ইআ