Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৫:৩৫ | আপডেট: ২ মে ২০২৬ ১৭:৩৫

চট্টগ্রাম: চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন সিএন্ডবি মোড়ে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আজিম টাওয়ার গার্মেন্টসের শ্রমিকরা। এতে বহদ্দারহাট-কালুরঘাট সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া বিক্ষোভের কারণে চরম ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও এসএসসি পরীক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, আমাদের গত দুই মাস ধরে বেতন বকেয়া। সেই বকেয়া বেতনের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। এরকম হলে আমাদের না খেয়ে থাকতে হবে। আমরা গার্মেন্টসে কাজ করেও কাজের বেতন পাই না। এরকম হলে আমাদের সংসার চলবে কী দিয়ে?

বিজ্ঞাপন

শিল্প পুলিশের পরিদর্শক বাছা মিয়া বলেন, ‘শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে। খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলেছি। পরে মালিকপক্ষের প্রতিনিধিদের সাথেও কথা বলেছি। এখনও গ্রহণযোগ্য তেমন কোনো সমাধান হয়নি। শ্রমিকদের কিছু অংশ উঠে গেছে। কিন্তু এখনও যানজট রয়ে গেছে।’