চট্টগ্রাম: ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, মাইজভাণ্ডারী গানের অন্যতম গীতিকার ও কবিকুল সম্রাট, উপমহাদেশের শ্রেষ্ঠ কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী আগামীকাল শনিবার।
শনিবার (৯ মে) থেকে বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী গ্রামে রমেশ সমাধি প্রাঙ্গণে ২ দিনব্যাপী রমেশ উৎসবের আয়োজন করা হয়েছে।
প্রথম দিনের কর্মসূচি (শনিবার, ৯ মে) কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন, রমেশ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় রমেশ সংগীত ও আলোচনা সভা, সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রমেশ গীতি। দ্বিতীয় দিনের কর্মসূচি (রবিবার, ১০ মে) কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন, রমেশ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় রমেশ সংগীতানুষ্ঠান, আলোচনা সভা, টিভি ও বেতার শিল্পীদের পরিবেশনায় রমেশ রচিত মাইজভাণ্ডারী গানের আসর বসবে।
আয়োজকরা জানান, উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল, বাউল ও লোকসংস্কৃতির সাধক রমেশ শীল ছিলেন বাংলা লোকসংগীতের এক অনন্য নাম। তার গান, দর্শন ও জীবনচেতনা আজও লোকসংস্কৃতির অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। এ আয়োজনের মাধ্যমে তার স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজক কমিটি সবাইকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে কবিয়াল রমেশ শীলের জীবন ও কর্মকে শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে।
রমেশ শীলের জন্ম ১২৮৪ বঙ্গাব্দের ২৬ বৈশাখ; ১৮৭৭ খ্রিষ্টাব্দে। চণ্ডিচরণ শীল ও শ্রীমতি রাজকুমারী দম্পতির একমাত্র পুত্রসন্তান রমেশচন্দ্র শীল। রমেশ শীল ১৯৪৮ সালে কলকাতার শ্রদ্ধানন্দ পার্কে ‘বঙ্গের শ্রেষ্ঠ কবিয়াল’ উপাধি পান। তিনি একুশে পদকপ্রাপ্ত একজন লোককবি।