Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্ত দিয়ে প্রবেশ করা বিপুল পরিমাণ বিস্ফোরক-অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপি এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর নিকট দিয়ে কতিপয় দুষ্কৃতিকারী উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্রসহ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। প্রাপ্ত তথ্যে বিজিবি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, পরবর্তীতে সীমান্ত পিলার ১৩৭৫/এম থেকে নিকটবর্তী দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম নামক স্থান থেকে লুকায়িত অবস্থায় পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক ২৪টি টিউব (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, নাগপুরে প্রস্তুত), ডিটোনেটর ২৩টি, ডিটোনেটর কর্ড ১৫ মিটার ও পাইপ গান ৩টি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্র সংক্রান্ত ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে আশ্বস্ত করছে যে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রস্তুত রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

বগুড়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭

আরো

সম্পর্কিত খবর