Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রায়েরবাজারে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর হাজারীবাগ রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় ওই শিশুটির বাসার সামনে ঘটনটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত বিন্তির বাবা বেল্লাল হোসেন বলেন, ‘আমার বাসা রাযেরবাজার হায়দার হোটেলের গলিতে। পাঁচতলা ভবনের পাঁচতলায় আমরা থাকি। বিন্তি রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। দুই ছেলে মেয়ের মধ্যে বিন্তি ছিল বড়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলের সঙ্গে বাইরে যায়। এর কিছুক্ষণ পর বাসার নিচে হৈচৈ শুনে নিচে নামি। গিয়ে দেখি কে বা কারা আমার বিন্তিকে কুপিয়ে ফেলে রেখে গেছে। দ্রুত তাকে সেখান থেকে শিকদার মেডিকেলে নিয়ে যাই। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়।’

হাসপাতালে বিন্তির মা নাদিয়া বেগম বলেন, ‘রাত ৮টার দিকে বিন্তি আর তার ভাই নাবিল নিচে নামে। নাবিল তরকারি কিনে বোনকে বাসার নিচে দিয়ে মসজিদে চলে যায়। পরে হৈচৈ শুনে নিচে নেমে দেখি আমার মেয়েকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে। সেখানে স্থানীয় অনেকেই জানায়- বিন্তি বলছিল, সিয়াম নামে এক যুবক তাকে কুপিয়েছে।’

তার মা আরও বলেন, ‘তিন/চার বছর আগে থেকে সিয়াম মোবাইলে ডিসটার্ব করতো বিন্তিকে। একদিন আমি সিয়ামকে মোবাইলে বকাবকি করি। সে আজ আমার মেয়েকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। খুনি সিয়ামের ফাঁসি চাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের কাঁধে ও পিঠে এতাধিক জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর