Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদা না দেওয়ায় শিল্পপতি মুজিবুরের বাড়ি লক্ষ্য করে মুখোশধারীদের গুলি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৫

চাঁদা না দেওয়ায় শিল্পপতি মুজিবুরের বাড়ি লক্ষ্য করে মুখোশধারীদের গুলি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শিল্পপতি মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে একদল সন্ত্রাসী। শিল্পপতির অভিযোগ, কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে সন্ত্রাসী ‘বড় সাজ্জাদের’ অনুসারীরা হামলা চালিয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় তাদের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। গত ২ জানুয়ারিও একই বাড়ি লক্ষ্য করে গুলি করেছিলেন সন্ত্রাসীরা।

মুজিবুর রহমান তৈরি পোশাক শিল্পখাতের শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিজ্ঞাপন

মুজিবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘একটি সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করে আসছিল। মাসখানেক আগে কোম্পানির চেয়ারম্যানকে ফোন করে হুমকি দেয়। চাঁদা না দেওয়ায় তারা গুলি করেছে। বাড়ির পেছনে খালপাড় থেকে ভারি অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি, তবে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

আগেরবার গুলিবর্ষণের পর মুজিবুর রহমানের পরিবারের পক্ষ থেকে বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে তার অনুসারীদের ১০ কোটি টাকা চাঁদা দাবির তথ্য দেওয়া হয়েছিল। মুজিবুরের ঘনিষ্ঠরা জানান, একই চক্র এবারও চাঁদার জন্য গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে ফোন করে হুমকি দেয়।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন কবির ভূঁইয়া বলেন, ‘আমাদের ধারণা, আগে যে গ্রুপটা গুলিবর্ষণ করেছিল, এবারও একই গ্রুপ করেছে, সাজ্জাদ আলীর গ্রুপ। অস্ত্রধারীরা মুখোশধারী হওয়ায় তাদের সহজে চিহ্নিত করা যাচ্ছে না। আমরা তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর