চট্টগ্রাম: সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় শিশু জান্নাতুল নিশা ইরাকে গলা কেটে হত্যার ঘটনায় মূল আসামি বাবু শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তাকে কুমিরা কাজী পাড়া থেকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল এ তথ্য জানান। তিনি আরও জানান, গ্রেফতার বাবু শেখকে আদালতে পাঠাতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে, এদিন ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, ঘটনার দিন সকাল ১০টা ৩৬ মিনিটের দিকে মাহবুব শিশু ইরা মনির হাত ধরে ইকো পার্কের দিকে নিয়ে যাচ্ছে, যা এই মামলার তদন্তে সবচেয়ে বড় মোড় হিসেবে কাজ করেছে। গত ১ মার্চ রোববার সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্কের একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছিল।
চন্দ্রনাথ মন্দির সড়কের সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা তাকে প্রথম দেখতে পান এবং দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয় এবং ওই রাতেই শিশুটির গলায় জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছিল। সেখান থেকে পুনরায় নাক, কান ও গলা (ইএনটি) ওয়ার্ডে স্থানান্তরের পর মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ১ মার্চ রাতেই শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।